শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ৩১ মে ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেট নগরের রায়নগর এলাকার দপ্তরীপাড়া এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের কথিত বন্ধু মো. হাবিল (২৫)–কে স্থানীয় জনতা আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ঘটনাটি রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

নিহত যুবকের নাম জুয়েল (২৬)। তিনি সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া এলাকার সাকেরের কলোনীর বাসিন্দা। তার মূল বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা এলাকার সিধলা ইউনিয়নে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। সকালে তাদের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে।

একপর্যায়ে হাবিল জুয়েলকে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে টেনে নিয়ে যায় এবং ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে তার গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা মো. হাবিলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত চলছে।