
ঘুমজড়ানো কণ্ঠে ফোন রিসিভ করলেন হাবিবুল বাশার। ব্যক্তিগত কাজে এখন তিনি আছেন নিউ ইয়র্কে। সেখানে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘুমের রেশ থাকলেও কথা বলতে আপত্তি করলেন না তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করতেই সাবেক এই অধিনায়কের ত্বরিত মন্তব্য, “খেলার কথা বাদ দিন। আমি খুবই বিরক্ত হয়েছি খেলার আগের পরিস্থিতি নিয়ে। এটা কোনোভাবেই হতে পারে না…।”
দেশের ক্রিকেটের সামান্যতম অনুসারী হলেও বুঝে ফেলার কথা, কোন ঘটনার কথা হাবিবুল বলছেন। সিরিজ শুরুর আগের দিন দল নির্বাচন নিয়ে অধিনায়ক লিটন কুমার দাসের বিস্ফোরক মন্তব্য, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের পাল্টা জবাব এবং এসব নিয়ে বিতর্কের দিকেই ইঙ্গিত তার।
হাবিবুল নিজেও দীর্ঘদিন ছিলেন নির্বাচক কমিটিতে। এখন তার দায়িত্ব বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্সের। বিসিবির চাকুরে হয়ে অনেক কিছুতেই মুখে কুলুপ এঁটে থাকতে হয় তাদেরকে। তবে এই ঘটনার তীব্রতা এতটা প্রবল যে, তার সেই বাধ্যবাধকতার দুয়ার ভেঙে গেছে।