
স্পোর্টস ডেস্ক | সিলেটি স্পোর্টস চ্যানেল
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের দক্ষতার ছাপ রেখে গেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ছবি সংগৃহীত
ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্স কিংবা বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট—দুই ভূমিকাতেই তিনি বারবার হয়েছেন দলের নির্ভরতার প্রতীক।
এবার তার সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে আরও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। প্রখ্যাত ক্রিকেট সাময়িকী Wisden আইপিএলে খেলা অ-ভারতীয় এশিয়ান ক্রিকেটারদের সেরা একাদশে জায়গা দিয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা
সম্প্রতি প্রকাশিত এই তালিকায় এশিয়ার বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে একাদশ সাজানো হয়। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব।
আইপিএলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে ১০ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৭১টি ম্যাচ। এই সময়ে তিনি ১৯.৮২ গড়ে এবং ১২৪.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৩ রান। তবে ব্যাটের চেয়েও বল হাতে ছিলেন বেশি কার্যকর।
৭.৪৩ ইকোনমি রেটে তিনি শিকার করেছেন ৬৩টি উইকেট, যা তাকে আইপিএলের অন্যতম সফল স্পিন অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পাঁচ নম্বরে সাকিব
উইজডেন ঘোষিত একাদশে সাকিবকে রাখা হয়েছে পাঁচ নম্বর পজিশনে। এই একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে শ্রীলঙ্কা থেকে—মোট ছয়জন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে রয়েছেন দুজন করে ক্রিকেটার।
ওপেনিং জুটিতে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া এবং আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে।
তিন ও চার নম্বরে আছেন শ্রীলঙ্কার দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
মিডল অর্ডারে সাকিবের সঙ্গে জায়গা পেয়েছেন পাকিস্তানের আজহার মাহমুদ এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা।
শক্তিশালী বোলিং লাইন-আপ
স্পিন বিভাগে রাখা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন এবং আফগানিস্তানের তারকা রশিদ খানকে।
পেস আক্রমণে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ইয়র্কার-বিশেষজ্ঞ লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর।
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে আলোচনায় আসেন সোহেল তানভীর এবং সেবার রাজস্থান রয়্যালসের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
উইজডেনের অ-ভারতীয় এশিয়ান সেরা একাদশ
সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মাহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর, লাসিথ মালিঙ্গা।