শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সিলেটে অভিযানে গিয়ে তোপের মুখে ভোক্তা অধিকারের কর্মকর্তা

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬| সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেট নগরীতে ভোগ্যপণ্যের মূল্য তদারকির অভিযানে গিয়ে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের তোপের মুখে পড়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে শিবগঞ্জের কয়েকটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অভিযানের সময় নির্ধারিত দামের বেশি নিলে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে সতর্ক করা হলে ‘মামুন মিয়া’ মাংসের দোকানের কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করেন এবং উচ্চস্বরে প্রতিবাদ জানান। একপর্যায়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন National Consumer Rights Protection Directorate সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন,

অভিযোগের ভিত্তিতে আমরা বাজার তদারকিতে যাই। কিছু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বিষয়ে আপত্তি জানান। আমরা তাদের সিলেট সিটি করপোরেশনের কাছে লিখিতভাবে আপত্তি জানানোর পরামর্শ দিয়েছি।

তিনি আরও জানান, পরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় যে Sylhet City Corporation গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০ টাকা নির্ধারণ করেছে।

এর বেশি দামে বিক্রি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রতিটি দোকানে মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন নির্ধারিত মূল্য অনুযায়ী—
গরুর মাংস: ৭৫০ টাকা প্রতি কেজি
মহিষের মাংস: ৬৫০ টাকা
খাসির মাংস: ১১০০ টাকা
ছাগল ও ভেড়ার মাংস: ১০০০ টাকা
সোনালী মুরগি: ৩১০ টাকা
পোল্ট্রি মুরগি: ১৭০ টাকা,

বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।