
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশের তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি ফসলি জমির আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তি জয়নাল আবেদীন ঢালী (৫০)। তিনি উপজেলার খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেছিলেন তিনি।

ছবি সংগৃহীত
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান।
সোমবার বিকেলে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফসলি জমির আমগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় মাফলার প্যাঁচানো মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, জয়নাল আবেদীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মালয়েশিয়া প্রবাসজীবন শেষে দেশে ফিরে তিনি কৃষিকাজে মনোনিবেশ করেন এবং সম্প্রতি নির্বাচনী প্রচার–প্রচারণায়ও অংশ নেন।
গোসাইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ বলেন,
জয়নাল আবেদীন আমাদের দলের কর্মী ছিলেন। তিনি মালয়েশিয়া থেকে ফিরে নির্বাচনের সময় প্রচারণায় অংশ নেন। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি, এলাকার একটি পক্ষের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল।
ওই বিষয়ে কথা বলতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক। গোসাইরহাট থানার উপপরিদর্শক সজিবুল ইসলাম বলেন,
নির্জন স্থানের একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা,
তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।