শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ১২,

Reporter Name

 

ভোলা প্রতিনিধি |প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, রাত ২টা ৩৭ মিনিট  পি এম

ভোলা সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় জামায়াত ও ইসলামী আন্দোলন সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি সমর্থক রিয়াজ ও জামায়াতে ইসলামী সমর্থক আবুল বসারের মধ্যে ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি এশার নামাজের পর মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হলেও সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সন্ধ্যার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী ভেলুমিয়া বাজার এলাকায় একটি মিছিল বের করলে ওই সময় জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সঙ্গে হট্টগোল ও মারামারি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মীকে আহত করেছে এবং কয়েকটি দোকান ভাঙচুর করেছে। তিনি হামলার সময় উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করেন।

অন্যদিকে ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির মিছিলের পেছন থেকে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে রিয়াজ ও মিলন নামে বিএনপির দুই নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।