সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

টমটম ও অন্যান্য গাড়ীর বেপরোয়া গতি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন!

এম ডি রহিম

প্রকাশিত: ৩০/১১/২০২৫

সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজারে সাম্প্রতিক সময়ে টমটমসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতি, সড়কে বিশৃঙ্খলা, নিয়ম না মানা, পথচারী ও স্থানীয় মানুষের নিরাপত্তাহীনতা এবং দুর্ঘটনা বৃদ্ধির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সড়কে অনিয়ম ও নিরাপত্তা সংকটের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ আজ একত্রিত হয়ে তাদের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোঃ হুমায়ূন কবির সাওন। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এবং রাস্তা পুনর্বিন্যাসসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, যিনি বলেন যে সড়কের বিশৃঙ্খলা শুধু মানুষের জীবনই বিপন্ন করছে না বরং প্রতিদিনের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে যোগ দেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সোশ্যাল এক্টিভিস্ট এম এ চৌধুরী শাহান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা কোনো রাজনৈতিক কিংবা দলীয় বিষয় নয়; এটি সবার অধিকার এবং সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, জনগণের ন্যায্য দাবির সঙ্গে তিনি সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজসহ বিপুলসংখ্যক তরুণ-যুবসমাজ। উপস্থিত সবাই এক কণ্ঠে সড়কে শৃঙ্খলা ফেরানো, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, এবং নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধন চলাকালীন মৌলভীবাজার সদর মডেল থানার সম্মানিত এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার জনগণের যৌক্তিক দাবির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং ভবিষ্যতে এমন বেপরোয়া ও বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে কঠোর নজরদারি করা হবে।

এলাকাবাসী শান্তিপূর্ণ এই মানববন্ধনের মাধ্যমে সবার কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়—সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ চলাচল ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।