
প্রকাশিত, ৭/৫/২০২৬, সিলেটি চ্যানেল ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওর থেকে নিখোঁজের দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা দেখতে পান।

পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।
নিহত আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে বুধবার বিষয়টি জানাজানি হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সেদিন তার কোনো সন্ধান মেলেনি।
অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ধারণা করছেন, হাওরে যাওয়ার পর কোনো দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।