
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে আমান উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণগ্রামের বাসিন্দা আমান উল্লাহ (৫০)-কে আটক করে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুবাহান হাজীর বাড়ির একটি বাথরুমে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে আছে—এমন খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৩২)। তার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুঁটকি মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ, ঘটনার পেছনের উদ্দেশ্য এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।