শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, শিকলবন্দী দুই মেয়ে, অসহায় মায়ের আর্তি সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জে বদলি আবদুল কুদ্দুস চৌধুরী

শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে বলে দায়িত্বশীল একাধিক সূত্র দাবি করেছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারকে উন্নত পর্যটন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।

একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। জানা যায়, তিনি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের তথ্য জানতে পারে এবং এরপর থেকেই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রগুলোর দাবি। তবে এই দাবির বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই কথিত ফোনালাপই কারণ নয়, বিষয়টি আরও জটিল। তার দাবি, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

গত ১০ জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে দেশের ভেতরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের কিছু উদ্যোগও পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনপির ওই নেতার ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে, তারা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

সূত্রগুলোর দাবি, গত ১৭ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।

তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করবেন কিংবা তার স্থলাভিষিক্ত কে হবেন—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৫ সালের ডিসেম্বরে এক বক্তব্যে তিনি বলেছিলেন, নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। পরে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতির পদ ছাড়াটা একটি ‘স্বাভাবিক প্রক্রিয়া’। একই সঙ্গে বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে তারা শুনেছেন। তবে আগামী ২৯ জুলাই চারটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি রাষ্ট্রপতির রয়েছে বলেও জানা গেছে।