শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, শিকলবন্দী দুই মেয়ে, অসহায় মায়ের আর্তি সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, চট্টগ্রাম রেঞ্জে বদলি আবদুল কুদ্দুস চৌধুরী

তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন,

“আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না। উনি ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার।”

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির পদযাত্রা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা ও সমাবেশে মিলিত হয়। এতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আজ থেকে কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দেবেন না। সরকারি অফিসে ঘুষের টাকা দেবেন না।”

নিজের বক্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসেছেন, তখন একটু গণ্ডার হতে হবে। তবে এমন গণ্ডার হবেন না, যে নাড়া দিলেও নড়ে না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনা দিল্লিতে বসে বলেন, তিনি দেশে আসবেন। বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে তিনি দেশে আসলেও বাংলার জনগণ তাকে ফাঁসির মুখোমুখি করবে।”

ছাত্রদলের প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ৫ আগস্টের পর লুটপাট কারা করেছিল?”

সীমান্ত হত্যা নিয়ে তিনি অভিযোগ করেন, “সীমান্ত হত্যা নিয়ে এমপিরা কথা বলেন না, কারণ রাতে ভাগ পান।”

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পাথর উত্তোলন বন্ধ করে হাজারো মানুষের কর্মসংস্থান নষ্ট করা হয়েছে। তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর দাবি জানান।

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ব্যবস্থাপনা নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “মাজারে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা চলছে। সরকার ও সংশ্লিষ্টদের এগুলো সমাধান করতে হবে। মাজার কর্তৃপক্ষ জনগণের জন্য কাজ করবে। দানের টাকা কোথায় যায়, সেটাও নজরদারিতে রাখতে হবে।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “জুলাই আন্দোলনের কোনো দল যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায়, এনসিপি তা হতে দেবে না। নতুন করে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে আমরা প্রতিরোধ করব।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করছে এবং সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

সারজিস আলম বলেন, “আজ থেকে পাঁচ বছর পর আওয়ামী লীগ করতে চায়— এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।”

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব মাহমুদা মিতু বলেন, “এনসিপি সংসদে জনগণের কথা বলে। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে পুলিশ ও প্রশাসন জনগণের হবে।”

সমাবেশ শেষে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে হামলার অভিযোগ ওঠার পর কোম্পানীগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও অন্যান্য নেতাদের বক্তব্য তাদের নিজস্ব রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ। এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি।