সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই, ৬ জনের বিরুদ্ধে মামলা

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ৮ জুন ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজার সদর উপজেলার চুবড়া এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ব্যবসায়ী আব্দুর রহিম বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চুবড়া এলাকায় একটি ফলের দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে পূর্বশত্রুতার জের ধরে একদল লোক দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ফল বিক্রির প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং–০৬, তারিখ: ০৩ জুন ২০২৬) সেলিম মিয়া, শহিদ মিয়া, জাবেদ মিয়া, মাসুম মিয়া, ইমন আহমদ ও মোবারক আলীকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) ধারায় রুজু করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পূর্বের বিরোধের জের ধরেই এ হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন।

আহতের ভাই আলিম জানান, পূর্বেও দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল যা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। তবে সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।

আহতের স্ত্রী রাশেদা বেগম বলেন, “আমার স্বামী ব্যবসার কাজে নগদ টাকা নিয়ে চুবড়া এলাকায় গিয়েছিলেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে আহত করা হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়।”

অন্যদিকে অভিযুক্ত মোবারক আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।