
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম মুহিবুর রহমান (২৭)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় একটি ড্রোন হামলার ঘটনায় তিনি নিহত হন। তবে বিষয়টি পরিবারের কাছে নিশ্চিতভাবে পৌঁছায় সোমবার (২০ এপ্রিল)।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে কয়েক বছর আগে মুহিবুর রহমান রাশিয়ায় যান এবং সেখানে প্রায় আড়াই বছর পড়াশোনা করেন।
পরে দেশে ফিরে কিছুদিন অবস্থান করে আবার রাশিয়ায় ফিরে যান। সেখানে গিয়ে তিনি রাশিয়ার সেনাবাহিনীর জন্য রান্নার কাজে যুক্ত ছিলেন বলে পরিবারকে জানিয়েছিলেন।
পরিবারের দাবি, দুই বছর আগে কিছু দালাল তাকে প্রলোভন দেখায়—যুদ্ধে অংশ নিলে ভালো বেতন ও নাগরিকত্ব পাওয়া যাবে। এর পর থেকেই তিনি সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ সংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
হাবিবুর রহমান আরও জানান, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনের ড্রোন হামলায় সেটি ধ্বংস হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুহিবুর রহমানের মৃত্যু হয়। তার সহকর্মী মেহেদী হাসান প্রথমে পরিবারের কাছে এ তথ্য পৌঁছে দেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মুহিবুর রহমান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি সংগৃহীত
পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ জানান, পরিবারের কাছ থেকেই তারা বিষয়টি জেনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।