
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬ |
আপডেট: ২১ জুন ২০২৬ |
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই ঘটনায় একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।

একসঙ্গে পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি কানাইঘাটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দেশটির আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন দুপুর ১টা ৩০ মিনিট। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জনের মৃত্যু হয়।
নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, নিহতরা কাতারে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রোববার সকালে তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে আল শাহানিয়া শহরের সামাল সড়কে দুর্ঘটনার শিকার হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের নেতৃবৃন্দ জানান, নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর কানাইঘাটের গাছবাড়ি, আগতালুক, আমরপুর ও মাঝতালুক এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। স্বজনরা প্রিয়জনদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। প্রতিবেশী ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রবাসজীবনের কঠোর সংগ্রামের মধ্য দিয়ে পরিবারের স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে চলে গেলেন পাঁচ প্রবাসী। তাদের অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো কানাইঘাট উপজেলাজুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।