
হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫
হবিগঞ্জ সদর উপজেলায় ধানের খড় শুকানোকে কেন্দ্র করে দুই গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর ও নিজামপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উস্তার মিয়া, আশিক মিয়া, শাহজাহান, দুলাল মিয়া, উজ্জ্বল, লতিফুর রহমান, বিলাল মিয়া, মাসুক মিয়া, ইফাত, ফরহাদ মিয়া, আব্দুল আওয়াল ও মহিবুর রহমান মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সঙ্গে পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের সফিক মিয়ার ধানের খড় শুকানো নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনা দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।