
রিপোর্ট খালেদ আহমেদ সামির, নাজিরাবাদ (মৌলভীবাজার), আপডেট, ২৪ ডিসেম্বর ২০২৫:
নাজিরাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মানে স্মৃতিচারণমূলক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাইলস্টোন এডুকেশন সেন্টার ও এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষক চয়ন বৈদ্য’র সঞ্চালনায় এবং এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুলের পরিচালক মইন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা এবং দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার সূত্রধর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আয়োজন এগিয়ে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথি ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার বলেন, সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মানে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে নাজিরাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে এম. মছলন মিয়া কে.জি ও হাই স্কুল শাখার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।