
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
সিলেটে জমি বিক্রির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলার আসামি হওয়ায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞার তথ্য পাওয়া গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেটের আম্বরখানা মৌজার একটি ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে অভিযোগকারী মো. শুকুর মিয়ার মেয়ের স্বামী, যুক্তরাজ্যপ্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন অভিযুক্ত মাকসুদা চৌধুরী।
অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং নগদ ৮ লাখ টাকা নেওয়ার পরও তিনি জমির দলিল সম্পাদন করেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে টাকা গ্রহণের বিষয়টিও অস্বীকার করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, টাকা ফেরত বা জমির দলিল বুঝিয়ে দেওয়ার দাবি জানালে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগকারী পরিবার আর্থিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা মামলার আসামি মাকসুদা চৌধুরীকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।