
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক
আপডেট: ১৬ মার্চ ২০২৬, ২২:৫৭
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর মালিকানাধীন স্কয়ার শপিং মল এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে মার্কেটে হামলা চালানো ও বিভিন্ন দোকানের মালামাল লুটের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে মার্কেটে একটি রিকশাচালককে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে কথা–কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় রিকশাচালকরা বিপণিবিতানে ভাঙচুর চালায়।
হাজী মুজিব দাবি করেছেন, “গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে মার্কেটে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ছবি সংগৃহীত
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, “সিসি ফুটেজে দেখা গেছে, রিকশাচালক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছে। মালিকেরা আরও একটি মামলা দায়ের করবেন। পুলিশ এখনো সেখানে মোতায়েন রয়েছে।
হাজী মুজিব আরও জানান, “প্রাথমিক ধস্তাধস্তির পর অনেক লোক মার্কেটে প্রবেশ করে ভাঙচুর চালায়। পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার চেষ্টা বন্ধ হয়নি, পরে আবার সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বিপণিবিতানের মালিক ও স্থানীয়রা ক্ষুব্ধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করছেন।