সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

হাদির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিলেন বড় ভাই ওমর

অনলাইন ডেস্ক সিলেটি চ্যানেল

 

অনলাইন ডেস্ক সিলেটি চ্যানেল ১৬ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে স্বস্তিদায়ক খবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, বর্তমানে হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও উন্নত হয়েছে। চিকিৎসকদের মতে, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকে দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় একাধিক ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর ধীরে ধীরে হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ড আগের চেয়ে ভালোভাবে কাজ করতে শুরু করে।

তিনি আরও জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর হাদির জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই সম্পন্ন করা হয় (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত)। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।