
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল তোহা বাজারের পাশের বকুলতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের একটি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিন-চার দিনে একাধিকবার কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চালকদের মধ্যে ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
সংঘর্ষের সময় বাহুবল বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় ব্যবসায়ীদের অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাহুবল থানার ওসি রুহুল আমিন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি করছে।
সিলেটি চ্যানেল ডেস্ক