সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি, মাসুদের ছবি ও নম্বর প্রকাশ

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানল ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ভারতের আসাম রাজ্যে তোলা সেলফি ও একটি ফোন নম্বর প্রকাশ্যে এসেছে।

সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদের একটি সেলফি ও সংশ্লিষ্ট ফোন নম্বর প্রকাশ করেন। ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে জানা গেছে।

বিশেষ গোয়েন্দা সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব মাসুদের ব্যবহৃত ভারতীয় ফোন নম্বর সংগ্রহে সহায়তা করেন বলে অভিযোগ উঠেছে।

ওই ফোন নম্বর ব্যবহার করে মাসুদ গতকাল রাতে কয়েকজনের কাছে নিজের গুয়াহাটিতে তোলা সেলফি পাঠান। গোয়েন্দা সংস্থার মাধ্যমে ছবিটি ইন্টারসেপ্ট করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালানো হয়। হামলার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

হামলার ঘটনায় রোববার রাত পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারের সঙ্গে জড়িত দুই সহযোগী, সন্দেহভাজন শ্যুটার মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবী।

বর্তমানে ভারত পালিয়ে যাওয়ার পেছনে জড়িত সমগ্র নেটওয়ার্ক, সহযোগী ও অর্থের উৎস শনাক্তে তদন্ত জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলো।