
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫,
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের ধরতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত কোর কমিটির জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে। অপরাধীদের ধরিয়ে দিতে কেউ নির্ভরযোগ্য তথ্য দিলে তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কোনো প্রার্থী চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য যেকোনো সময় আবেদন করতে পারবেন। যাদের বৈধ আগ্নেয়াস্ত্র আগে জমা রাখা আছে, নিরাপত্তার স্বার্থে তারা তা পুনরায় সংগ্রহ করতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবে।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজন অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হামলার ঘটনায় সন্দেহভাজনদের শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়ে অনুরোধ জানায়। ডিএমপি জানায়, সঠিক ও কার্যকর তথ্য দিলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।