সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

যারা এতদিন ‘নির্বাচন নির্বাচন’ বলেছিলেন, এখন তাদের মুখে ভিন্ন সুর: ডা. শফিকুর রহমান…

রিপোর্টা এম রহিম, সিলেটি চ্যানেল

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ | সময়: ৭:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিলেন, এখন তারাই ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। কারণ দেশের মানুষ তাদের চলমান অপকর্ম, চাঁদাবাজি ও নৈরাজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং আসন্ন নির্বাচনে তাদের ‘লাল কার্ড’ দেখাতে প্রস্তুত।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিস্ট পালিয়েছে, কিন্তু কালো ছায়া রয়ে গেছে”

ডা. শফিকুর রহমান বলেন,
দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি। একদল চাঁদাবাজি ও নৈরাজ্য করে পালিয়েছে, আর এখন আরেকদল দ্বিগুণ উদ্যমে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, এসব অপকর্মের কারণে সাধারণ জনগণ নতুন করে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। এই ক্ষোভই আগামী দিনে রাজনৈতিকভাবে বড় প্রতিক্রিয়ায় রূপ নেবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন ইস্যুতে কৌশল বদলের অভিযোগ

জামায়াত আমির বলেন,
“যারা কিছুদিন আগেও নির্বাচন ছাড়া কিছু বোঝে না—এভাবে কথা বলত, এখন তাদের মুখে ক্ষীণ স্বরে অন্য কথা শোনা যাচ্ছে। তারা বুঝে গেছেন, জনগণ আর বিভ্রান্ত হবে না।”

তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে, তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

ইসলামি দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান

বক্তব্যের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান অন্য ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“অন্য ঠিকানায় আপনাদের বড় বেমানান লাগে। আপনারা ঘরের ছেলে, ঘরে ফিরে আসুন। আমরা বুক পেতে আপনাদের গ্রহণ করব। চাঁদাবাজি ও অপকর্মের অংশীদার হওয়ার কোনো প্রয়োজন আপনাদের নেই।”

তিনি বলেন, ইসলামী শক্তিগুলোর ঐক্য ছাড়া দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সভাপতিত্ব ও সঞ্চালনা

খেলাফতে মজলিসের সাবেক আমির মাওলানা আব্দুল বাছিত আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

অন্যান্য বক্তারা যা বললেন

সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

খেলাফত মজলিসের সাবেক আমির মাওলানা আব্দুল বাছিত আযাদ

নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি রাশেদ প্রধান

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন

বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নৈতিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিপুল উপস্থিতি

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

 

ছবির সংগৃহীত