
সিলেটি চ্যানেল অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম |
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের পথেই তার দীর্ঘদিনের শারীরিক জটিলতার সূত্রপাত। কারাবন্দি অবস্থায় চিকিৎসা না পাওয়ায় তার অসুস্থতা আরও বেড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সাধারণ মানুষ এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। এই সংকটময় সময়ে তিনি সুস্থ হয়ে ফিরে আসলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন আলো জ্বলবে।”
লন্ডন নেওয়ার প্রস্তুতি
বিএনপি মহাসচিব আরও জানান, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি চলছে। কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছালে, চিকিৎসকদের অনুমতি মিললে রোববার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “বেগম জিয়া এখনও গুরুতর অসুস্থ। তিনি উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণ চিকিৎসকদের উপর নির্ভর করছে।”
সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল।
তার আহ্বান—
“যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন—এ প্রার্থনা করি।”
সূত্র: বাসস
ছবির সংগৃহীত