মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

‘জঙ্গি হামলার’ আশঙ্কা: সিলেটেও নিরাপত্তা জোরদার,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় পুলিশ সদর দফতর থেকে বিভিন্ন ইউনিটকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সদর দফতরের নির্দেশনা পাওয়ার পর সিলেট মহানগর পুলিশ (এসএমপি) নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, পুলিশ সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছে।

সদর দফতরের নির্দেশনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নির্দিষ্টভাবে নিশ্চিত না হলেও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে রাজধানীতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন গণমাধ্যমকে জানান,

সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য পাওয়ার পর তাদের সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে এখনো কোনো নির্দিষ্ট সংগঠনকে চিহ্নিত করা হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

পুলিশ সদর দফতরের পাঠানো বার্তায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী গোষ্ঠীর কিছু সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে পারেএমন তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সম্প্রতি ওই গোষ্ঠীর এক সদস্যকে গ্রেফতারের পর তার সঙ্গে কিছু ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়, যা তদন্ত করে দেখা হচ্ছে।

এ পরিস্থিতিতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।