
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ PM সিলেটি চ্যানেল ডেস্ক
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর তা গৃহীত হলে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এম. নাসের রহমানের নাম অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।
জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় এম. নাসের রহমান এখন এই কমিটির কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
সিলেটি চ্যানেল ডেস্ক