
সিলেট চ্যানেল ডেস্ক রিপোর্ট | ২১ ডিসেম্বর ২০২৫ | সময়: ১:৫৭ মিনিট (অনলাইন)
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো আফরিদা চৌধুরী (১০) এবং তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার গ্রহণের পর সবাই অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে আফরিদাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার ছোট ভাই ইলহামও অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
একই খাবার খাওয়ার কারণে বাবা-মাও অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।