
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৬
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি স্থায়ী আর্থিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির।
সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনা নিয়ে দেশজুড়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের দান, হিসাবরক্ষণ, সংরক্ষণ এবং ব্যয় ব্যবস্থাপনার জন্য একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নীতিমালার সুপারিশ দিতে বলা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।
বৈঠকে মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দানের অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও ব্যয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে উঠবে।