
সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়াকে মৃত ঘোষণা করার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে যাওয়ার দুইদিন পর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন:
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান
নাতনি জাইমা রহমান
ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি
ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী
বড় বোন সেলিনা ইসলাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা