সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে জ’বাই করে হ’ত্যা,

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত: ২০২৬-০৭-০৫
সিলেটি চ্যানেল ডেস্ক

ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে তার বাসায় ঢুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কাইল্লা রুবেল (৩৫)। তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছিল। ওই অভিযোগের জেরে রোববার সকালে ওই নারীর ছেলেরা রুবেলের বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার প্রকৃত বিবরণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সজলরনি নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।