বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের ভয়াবহ তাণ্ডবে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক মা ও তার দুই মেয়ের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্বদাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খুকি বেগম (৬৫), তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে ঢাকায় থেকে গ্রামে আসেন ফরিদা আক্তার। রোববার রাতে মা ও দুই বোন একই কক্ষে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ প্রবল কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ছাদ ভেঙে গিয়ে ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন।

রাতের দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে তাৎক্ষণিক উদ্ধারকাজ সম্ভব হয়নি। ভোর হলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মেলান্দহ উপজেলা প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ বড় গাছগুলো আগেভাগে অপসারণ না করলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কালবৈশাখীর মৌসুমে দুর্বল ঘরবাড়ি ও বড় গাছের কাছাকাছি বসতি বেশি ঝুঁকিপূর্ণ থাকে। তাই আগাম সতর্কতা ও প্রস্তুতিই এমন দুর্ঘটনা এড়ানোর প্রধান উপায়।