
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ | আন্তর্জাতিক| সিলেটি চ্যানেল ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান।
শনিবার (১৪ মার্চ) দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
ইব্রাহিম জুলফকারি বলেন, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থিত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে ইরান।

ছবি সংগৃহীত
সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম জনগোষ্ঠীকে বন্দর, ডক এবং মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা দ্রুত খালি করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এসব হামলাকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার বৈধ অধিকার হিসেবে বিবেচনা করছে। তার দাবি, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি শহরে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাহিনী সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও ডক ব্যবহার করে ইরানের আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ ও কূটনৈতিক মহল।