
সিলেটি চ্যানেল | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬,
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সারা দেশে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনা অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এছাড়া মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ছবি সংগৃহীত
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
একইভাবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
এছাড়া বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও তাদের আত্মীয়স্বজনের ব্যবহৃত যানবাহন (টিকিট বা প্রমাণ সাপেক্ষে) চলাচলের অনুমতি থাকবে। সাংবাদিক, পর্যবেক্ষক কিংবা জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহনও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ পরিচয়পত্রসহ) একটি করে ছোট যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।
টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (এমটিসিএল) জানিয়েছে, ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াত সহজ করতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।