
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ছবি সংগৃহীত
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইনাল ম্যাচ চলাকালে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দ্রুতই দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক শিক্ষার্থীরা দৌড়ঝাঁপ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষই বাঁশ, ক্রিকেট ব্যাট ও চেয়ার ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও অধ্যাপক মো. ওমর ফারুক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরাও হামলার শিকার হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত প্রক্টরিয়াল টিম মাঠে নামানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন,
সংঘর্ষে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন,
শিক্ষার্থীরা এখন যে পর্যায়ে যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যায্যতার ভিত্তিতে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।