
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
দেশে আবারও হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। তবে এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ০২ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে।

ছবি সংগৃহীত
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে অবস্থিত।
এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, “০১/০২/২০২৬ তারিখ ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।”
এদিকে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলক্যানো ডিসকাভারির তথ্যমতে, সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
ভূমিকম্পটি অগভীর হওয়ায় কিছু এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও সাধারণ মানুষের মধ্যে তেমন আতঙ্ক সৃষ্টি হয়নি।
কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটি হালকা হওয়ায় এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ভারতীয়, ইউরেশীয় ও বার্মা—এই তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। দেশে ডাউকি ফল্ট, আসাম ফল্ট, ত্রিপুরা ফল্টসহ একাধিক সক্রিয় চ্যুতি রেখা রয়েছে,
এসব কারণে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাও বিশ্বের অন্যতম ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে