
সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার আগে বড় মেয়েকে মোবাইলে একটি আবেগঘন ‘শেষ বার্তা’ পাঠান তিনি।

ছবি: সংগৃহীত
বুধবার (২৮ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের বাসিন্দা।
তিনি ওই গ্রামের মান্নান মল্লিকের ছেলে এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে ভোর রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে মোবাইলে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। বার্তায় তিনি লেখেন,
‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না।
আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।এরপর বড় মেয়ে তাকে ফোন দিলে আর কল রিসিভ করেননি তিনি।
নিহত শফিকুল ইসলামের শ্যালক (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে কনস্টেবল শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।