
সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছেন।

ছবি সংগৃহীত
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলেন মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তারা দুজনই হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উখিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরছিল ওই দুই কিশোর। এ সময় মিয়ানমার দিক থেকে হঠাৎ তাদের নৌকাকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে আশপাশে থাকা জেলেরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাই সীমান্তের ওপার থেকে এই গুলি ছুড়েছে।
এর আগে চলতি মাসে সীমান্ত এলাকায় একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকার হুজাইফা আফনান (৯) নামের এক শিশু আহত হয়। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
এছাড়া ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছচাষি গুরুতর আহত হয়ে একটি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সীমান্ত এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।