
প্রকাশিত : ২০২৬-০১-০৪
সিলেটি চ্যানেল ডেস্ক
রাজধানীর ব্যস্ত এলাকা কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা সাংবাদিকদের জানান, সড়ক অবরোধ করে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করে।
কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল এবং জল-কামান ব্যবহার করে। থেমে থেমে সংঘর্ষ চলায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তিসহ একাধিক দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
এর অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা।
সড়কে বসে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয়।