
সিলেটি চ্যানেল ডেস্ক ৩১ ডিসেম্বর ২০২৫
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ৩টা ৫ মিনিটে শুরু হওয়া এ জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন।
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। পুরো এলাকা ছিল শোকাবহ পরিবেশে আচ্ছন্ন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পরিচালনা করেন।
জানাজা শেষে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায়। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়।
এ জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।