
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নামে ডুপ্লেক্স বাড়ি, জমি, গাড়ি, নগদ অর্থ ও শেয়ারসহ বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে দাখিল করা তাঁর হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের মোট সম্পদের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। এর বাইরে তাঁর হাতে রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা নগদ অর্থ এবং ১০ ভরি স্বর্ণ।
তিনি নিজ নামে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ির মালিক, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। এছাড়া তাঁর নামে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৭১ হাজার টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়, বর্তমানে তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। তিনি কৃষি খাত থেকে বছরে আনুমানিক ৩ লাখ টাকা আয় করেন।
ডা. শফিকুর রহমানের নামে বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার রয়েছে, যার মূল্য ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।
এছাড়া তাঁর মালিকানায় রয়েছে ২ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী, সাড়ে ৪ লাখ টাকা মূল্যের একটি যানবাহন এবং ২ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। পেশা হিসেবে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।