
সিলেটি চ্যানেল ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
চার বছর বয়সী এক কন্যাশিশু ও তার দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধী ভাইকে অসহায় অবস্থায় উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন।
এ সময় বড় বোন আয়শাকে তার ছোট ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়—যা উপস্থিত সবার হৃদয় নাড়িয়ে দেয়।
মহিম উদ্দিন জানান, সন্ধ্যার পরও দুই শিশুকে একা বসে থাকতে দেখে তিনি কাছে যান। কথা বলে বুঝতে পারেন, শিশুরা চরম অসহায় অবস্থায় রয়েছে।
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং আশ্রয় দেন।
উদ্ধার হওয়া শিশুদের বড় বোন আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়।
তার বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক আখতার। আয়শার ভাষ্য অনুযায়ী, এক খালা তাদের সেখানে বসিয়ে রেখে চলে যান।
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি বাকপ্রতিবন্ধী।
রাতে গরম পানি দিয়ে গোসল করানো, খাবার খাওয়ানো ও শীত থেকে রক্ষা করার পর তারা কিছুটা স্বাভাবিক হয়।
তার ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে যেতে পারে।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিশুদের ছবি ও তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, উদ্ধার হওয়া শিশু দুটিকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনা সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের প্রশ্ন আবারও সামনে নিয়ে এসেছে।