
সিলেটি চ্যানেল ডেস্ক | ময়মনসিংহ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা এবং পরে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে নতুন করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে
গ্রেপ্তার হওয়া এই ছয়জন দীপু চন্দ্র দাসকে চাকরি থেকে অব্যাহতি দিতে চাপ প্রয়োগ করেছিলেন।
সর্বশেষ গ্রেপ্তার হওয়া ছয় আসামি হলেন—
সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮), নোয়াখালীর সেলিম মিয়া (২২) এবং মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।
এর আগে এ মামলায় গ্রেপ্তার হওয়া ১২ জন হলেন—
আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিকেলে দীপু চন্দ্র দাসের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।