
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এ ঘটনায় বিএনপির ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক টপি জানান, বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে বুধবার রাতে নোয়াখালী জেলা শহরের রশিদ কলোনি এলাকা থেকে একটি বাসে করে প্রায় অর্ধশত নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হন। কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে বাসটি দুর্ঘটনায় পড়ে, এতে অন্তত ৩২ জন আহত হন।
আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাসে থাকা নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরেক প্রত্যক্ষদর্শী ইয়াসিন আরাফাত সৈকত বলেন, স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত।
এ ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী মো. শাহজাহান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। আনন্দের এই দিনে এমন দুর্ঘটনা আমাদের জন্য বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহতদের চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।”
এ বিষয়ে কুমিল্লা লাকসাম হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী বাসটি বাগমারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং অন্য যাত্রীদের বিকল্প পরিবহনে গন্তব্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।