
সিলেটি চ্যানেল ডেস্ক আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১০টি স্পেশাল (বিশেষ) রিজার্ভড ট্রেন বরাদ্দ দিয়েছে। এছাড়া নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
কী বললেন রেলপথ উপদেষ্টা
ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে লোকোমোটিভ ও কোচের তীব্র সংকট রয়েছে। এরপরও লন্ডন থেকে আগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাওয়া ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি ৮টি নিয়মিত ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। তবে এর ফলে দেশের ২টি অপ্রধান রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। যাত্রীদের বিষয়টি আগেই জানানো হবে।
উপদেষ্টা বলেন,
স্পেশাল ট্রেন পরিচালনার কারণে নিয়মিত যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে। গণতন্ত্রের অভিযাত্রাকে সুগম করার স্বার্থে যাত্রীদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
২৫ ডিসেম্বর ১০ রুটে চলবে ২০টি বিশেষ ট্রেন
এদিকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর দেশের ১০টি রুটে মোট ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
যেসব কমিউটার ট্রেন সাময়িক স্থগিত
বিশেষ ট্রেন পরিচালনার কারণে ওইদিন স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত কমিউটার ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এগুলো হলো
রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ)
ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী)
রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)
যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
চাহিদার ভিত্তিতে যে রুটগুলোতে স্পেশাল ট্রেন চলবে—
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর)
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়
খুলনা–ঢাকা–খুলনা
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর
রাজশাহী–ঢাকা–রাজশাহী
যশোর–ঢাকা–যশোর
রাজস্ব আয়
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশাল ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে ধারণা করা হচ্ছে।