
হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৮, ডিসেম্বর ২০২৫
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ সিলেট ও র্যাব-১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম বাইজিদ মিয়া। তিনি মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাধবপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন বাইজিদ মিয়া। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।