
ডেস্ক রিপোর্ট | ময়মনসিংহ
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | ০১:১৯ পূর্বাহ্ন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ (৩০)। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। দিপু ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম রবি চন্দ্র দাশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে আলোচনা চলাকালে দিপুর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি মুহূর্তের মধ্যে কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দিপুকে মারধর করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতা মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মারধর করে। পরে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে পুনরায় আগুন ধরায়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।