
সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ |
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। রাজধানীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা ছিলেন।
হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এরপর দুপুর ২টার দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সেখানে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
হাদির ওপর এই হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
চিকিৎসকরা জানান, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জটিলতার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও সহকর্মীরা।