
অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন হামলার ঘটনার ব্যাখ্যা ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন,
“ঘটনাটাকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা চলছে। আমরা আর চুপ করে থাকব না। সরকার যদি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন মানুষদেরই এগিয়ে আসতে হবে। আসছে নতুন কিছু—বিপ্লবীরা প্রস্তুতি নিন।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশে এখনো এমন মানুষ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে আপস করেনি এবং হাদির মতো ব্যক্তিদের এভাবে নিঃশেষ হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।
ইলিয়াস হোসাইনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনাকর প্রতিফলন বলেও মন্তব্য করছেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।