শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

সিলেটের রায়নগরে ঘরের ভেতর ব্যবসায়ী দম্পতি ও গৃহকর্মীর মরদেহ,

সিলেটি চ্যালেন ডেস্ক

 

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসা থেকে এক বৃদ্ধ ব্যবসায়ী দম্পতি ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (২৫)।

জানা গেছে, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করছিলেন। তাদের চার সন্তানই দেশের বাইরে অবস্থান করছেন। পরিবারের সদস্যদের মধ্যে দুজন যুক্তরাজ্য ও দুজন যুক্তরাষ্ট্রে থাকেন। ফলে সিলেটের বাসায় বৃদ্ধ দম্পতির সঙ্গে গৃহকর্মী তাহমিনা থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে দীর্ঘ সময় বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। একপর্যায়ে বাসার দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত তিনজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

ঘটনাস্থলে পুলিশ কমিশনার

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, বাসার ওয়ারড্রপ ও আলমারি খোলা অবস্থায় পাওয়া গেছে। স্বর্ণালংকারসহ মূল্যবান কিছু জিনিস খোয়া গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

তবে এটি ডাকাতির ঘটনা, নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। পুলিশ সম্ভাব্য সব বিষয় সামনে রেখে তদন্ত করছে।

পুলিশ কমিশনার জানান, পারিবারিক বিরোধ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং চুরি-ডাকাতির বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বাসার ভেতর থেকে একটি দলিলও উদ্ধার করা হয়েছে, সেটিও তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সম্পত্তি বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে

নিহতদের স্বজনদের কেউ কেউ জানিয়েছেন, পরিবারের একটি সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। বিশেষ করে মদনমোহন কলেজের সামনে থাকা একটি সম্পত্তিকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি তদন্তে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে কোনো একটি কারণকে এখনই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সকালে চিৎকারের শব্দ শোনার দাবি

স্থানীয় একজন ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী, বুধবার সকালে বাসার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গিয়েছিল। এ তথ্যও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ক্রাইমসিন সংশ্লিষ্ট সদস্যরা কাজ করছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে একটি বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, ঘটনাটি ডাকাতি, পারিবারিক বিরোধ নাকি পূর্বশত্রুতার কারণে ঘটেছে—সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এলাকাজুড়ে আতঙ্ক

একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রায়নগর মিতালী আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

বর্তমানে ঘটনাটি তদন্তাধীন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।