
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে কলোনির মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত নুর উদ্দিন (৫৫) পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে। ভুক্তভোগী নারী (৫০) দীর্ঘদিন ধরে তার টিএনটি রোড এলাকার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কাজের কথা বলে অভিযুক্ত নুর উদ্দিন ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, বাড়িতে অন্য কেউ না থাকায় তাকে কৌশলে একটি কক্ষে আটকে রেখে ৩ জুলাই থেকে ১০ জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ১০ জুলাই সকালে সুযোগ পেয়ে ওই নারী সেখান থেকে বেরিয়ে আসেন।
এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় নুর উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।